গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের প্রেম, পরকীয়া আর ডিভোর্সের খবর যেখানে নিত্যদিনের ব্যাপার, সেখানে দীর্ঘ ২৭ বছর ধরে এক নারীর প্রেমে মগ্ন থেকে বলিউডে অনন্য নজির গড়েছেন সবার প্রিয় ‘ম্যাডি’ থুড়ি আর. মাধবন। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ বা ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই চকোলেট বয় হিরোর প্রেমে একসময় হাবুডুবু খেত কোটি তরুণী। এক সময় বলছি কেন, ৫৬ বছর বয়সী এই অভিনেতার প্রেমে এখনও হাবুডুবু খায় তরুণীরা। কিন্তু এত গ্ল্যামার আর প্রলোভনের মাঝেও কীভাবে স্ত্রী সারিতার প্রতি এতটা অনুগত রইলেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত মজাদার ও সৎ জবাবে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন মাধবন।
সাক্ষাৎকারে হাসতে হাসতে মাধবন নিজেকে একজন ‘ডরপোক মাদ্রাজি মিডল ক্লাস ম্যান’ বলে দাবি করেন। ইন্ডাস্ট্রির রূপবতী নায়িকাদের সাথে কাজ করা প্রসঙ্গে তিনি অকপটে স্বীকার করেন, ‘সুন্দর মেয়ে দেখলে আমারও ভালো লাগে, আকর্ষণ বোধ করি। কিন্তু দিনশেষে আমি ওই ঝামেলায় যেতে চাই না। বাইরে রাত কাটিয়ে স্ত্রীকে মিথ্যা অজুহাত দেওয়ার চেয়ে, চুপচাপ ঘরে ফিরে বউকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমানো অনেক সহজ! বিশ্বস্ত থাকাটা আসলে আমাদের পারিবারিক রক্তেই আছে।’
